প্রতিযোগিতার সুফল দেখছেন লিটন

টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা খারাপ। কিন্তু ওয়ানডেতে একেবারে উল্টো অবস্থা। ভয়ানক ফর্মে আছেন তিন ওপেনার ইমরুল কায়েস, সৌম্য সরকার ও লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল তো রেকর্ড করা রান করেছেন তিন ম্যাচে। সৌম্য এক ম্যাচে সুযোগ পেয়েই সেঞ্চুরি করেছেন। লিটনও ৮৩ রানের ইনিংস খেলেছেন। এই অবস্থায় আবার দলে ফিরছেন তামিম ইকবাল। ফলে একজনকে তিন নম্বরে খেলালেও টপ অর্ডারের একজনকে বসে থাকতে হবে এমন ফর্ম নিয়েও। এই দারুণ ফর্মে থাকা টপ অর্ডারের অন্যতম ব্যাটসম্যান লিটন দাস বলছিলেন, এটা দলের জন্য অন্তত খুব ভালো একটা ব্যাপার। এতে খেলোয়াড়দের নিজেদের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে, ‘আমাদের জন্য অবশ্যই ভালো। চ্যালেঞ্জিংও বলতে পারেন। দলে এখন তিন-চারজন ওপেনার, তারা নিয়মিত পারফর্ম করছে। দেখতেও ভালো লাগে। নিজের ভেতর চ্যালেঞ্জ থাকে যে ভালো করতে হবে।’

টপ অর্ডারের এই লড়াইয়ের ফলে প্রত্যেকে এখন প্রতিদিন রান করার একটা তাড়ার মধ্যে থাকেন বলে লিটন দাসের বিশ্বাস। আর এটার সুফল পেতে চান তারা, ‘এখন যেহেতু দলে টপ অর্ডার নিয়ে লড়াই চলছে, এই ব্যাপারটা ভালো। যে বেঞ্চে থাকে, সেও জানে যে সুযোগ পেলে ভালো করতে পারে। যারা খেলে, তাদেরও চাপ থাকে যে ভালো কিছু করতে হবে। নইলে বাদ পড়তে হতে পারে। এটা ভালো ব্যাপার।’

লিটন বলছিলেন, এ অবস্থায় তিনি খেলবেন কি না, সেটা জানেন না। তবে খেলতে পারলে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করবেন, ‘আমি খেলব নাকি খেলব না, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমার যেটি কাজ, শতভাগ দেওয়া, সেই চেষ্টা করব।’

অবশ্য লিটন এই পুরো ব্যাপারটায় কোনো চাপ দেখছেন না। তার মনে হয় সবসময়ই খেললে একটা পারফর্ম করার চাপ থাকে। এটা তার চেয়ে বেশি কিছু নয়, ‘তেমন কোনো চাপ নেই। ক্রিকেট খেলি তো সবসময় পারফর্ম করার জন্যই। যে কোনো অবস্থায় পারফর্ম করার চেষ্টা করব।’

টপ অর্ডারে এই ভিড় কমাতে ম্যানেজমেন্ট অবশ্য চারজনকেই খেলিয়ে দিতে পারে। সে ক্ষেত্রে একজনকে হয়তো নিচের দিকে চলে যেতে হবে। লিটন সেটাতে আপত্তি করছেন না। কিন্তু নিজে ওপেনিংয়েই খেলতে স্বচ্ছন্দ বোধ করবেন বলে জানিয়ে দিলেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। নিজের পছন্দ বললে, আমি যেহেতু সবসময় ওপেন করি ও পারফর্ম করেছি, সেখানে খেলতেই বেশি কমফরটেবল।’

লিটন বলছিলেন, টেস্টের চেয়ে ওয়ানডেতে টপ অর্ডারে খেলাটা আরও একটু কঠিন হয়ে ওঠে। কারণ এখানে টানা কোনো এক ধরনের বোলিং পাওয়া যায় না, ‘টেস্ট আর ওয়ানডে পুরোপুরি আলাদা। ওয়ানডেতে মিশ্রণ থাকে, একতরফা পেস খেলতে পারবেন না, একতরফা স্পিনও না। এটা থাকেই। নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’

সবমিলিয়ে লিটনের মতে এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ ফেবারিট নয়। তাদের জিতলে ভালো খেলেই জিততে হবে বলে বললেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘ফেবারিট বলব না আমরা। ভালো ক্রিকেট খেলতে হবে। কারণ ওয়ানডেতে ওরা শক্তিশালী দল। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জেতার। দেশের মাটিতে খেলা, একটু সুবিধা আমরা পেতে পারি হয়তো।’