মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোলকাতার সাবেক মেয়র এবং পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে যোগ দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাকে নিয়েই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভনের। গতকাল বুধবার দিল্লিতে তারা বিজেপিতে যোগদান করেন।
যোগদানের পর শোভন বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধীদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে। আমি তখনই বলেছিলাম, এটা ঠিক হচ্ছে না। এই মুহূর্তে আমি ইতিবাচক শক্তির হাত ধরতে চাই। তাই বিজেপিতে এলাম।’
বিজেপি নেতা মুকুল রায় বলেন, শোভন ৩৪ বছর ধরে জনপ্রতিনিধি। পশ্চিমবঙ্গ সরকারের তিনটি মন্ত্রণালয় সামলাতেন। এখনো তিনি এমএলএ রয়েছেন। মমতার দলের ভিত শক্ত করেন তিনি। শোভন আসায় বিজেপির সুবিধা হলো। আগামী বছর কলকাতা করপোরেশনের ভোটে বিজেপি অনায়াসে জিতবে।
ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে থেকেই শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন। তারও কিছু আগ থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছিল মমতার একদা ছায়াসঙ্গী শোভনের। বৈশাখীর সঙ্গে প্রেমের কারণে তাকে কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের আবাসন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।