এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ৭ দাবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং শিক্ষা সেক্টর থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণসহ ৭ দফা দাবিতে রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’-এর উদ্যোগে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক আবদুল আওয়াল বর্তমান সরকারের কাছে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি ও আহ্বান জানান।

শিক্ষক সমাজের মূল দাবিগুলো হলো:
চাকরি জাতীয়করণ: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি অবিলম্বে জাতীয়করণ করতে হবে।

নতুন জাতীয় বেতন স্কেল: শিক্ষকদের জীবনযাত্রার মানোন্নয়নে দ্রুত নতুন জাতীয় বেতন স্কেল প্রদান করতে হবে।

সরকারি শিক্ষকদের প্রেষণে নিয়োগ বন্ধ: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি শিক্ষকদের প্রেষণে (Deputation) নিয়োগ দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে।

নির্বাচনে অংশগ্রহণের অধিকার: স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে কোনো ধরনের বাধা সৃষ্টি করা যাবে না।

অবসরের বয়স বৃদ্ধি: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করতে হবে।

বদলি ব্যবস্থা: শিক্ষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর বদলি ব্যবস্থার প্রবর্তন করতে হবে।

আওয়ামী দোসরদের অপসারণ: শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই), শিক্ষা বোর্ডসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠান থেকে বিগত আওয়ামী সরকারের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারগুলোর ভুল নীতি এবং বৈষম্যমূলক আচরণের কারণে দেশের সিংহভাগ শিক্ষা ও শিক্ষক সমাজ অবহেলিত রয়ে গেছে। দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন ও সংস্কার করতে হলে মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি এই ৭ দফা দাবি মেনে নেওয়া জরুরি। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উক্ত সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।