জম্মুতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে কাশ্মীরে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আজ বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের পর থেকে শিথিল করা হবে। এ সময়ে কাশ্মীরে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নই থাকবে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে কাশ্মীরের গভর্ণর সত্যপাল মালিক সাধারণের চলাচল শিথিল করা হবে বলে জানান। তবে টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্নই থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমরা শত্রুর হাতে এ যন্ত্র তুলে দিতে পারি না। এক সপ্তাহ বা ১০ দিনে সবকিছু ঠিক হয়ে যাবে এবং ক্রমান্বয়ে আমরা সংযোগ চালু করে দেব।’ গতকাল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মুনির খান বলেছেন, জম্মুর ওপর থেকে বিধিনিষেধ সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।
রাজনীতিক আটক: এদিকে, ভারত শাসিত কাশ্মীরের সুপরিচিত রাজনীতিবিদ শাহ ফয়সালকে গ্রেপ্তার করে কাশ্মীরে ফেরত পাঠানো হয়েছে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত সরকার তুলে নেওয়ার আগে যে কয়জন কাশ্মীরি রাজনীতিবিদ আটক হননি তার মধ্যে ছিলেন শাহ ফয়সাল। এবার তিনিও দিল্লি বিমানবন্দরে আটক হলেন।
সংযমকে যেন দুর্বলতা না ভাবে: অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার ভারতের সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বরাবর লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ আহ্বান জানান। তিনি বলেন, পাকিস্তান যুদ্ধের উস্কানি দিবে না। কিন্তু ভারত যেন আমাদের সংযমকে দুর্বলতা না ভাবে। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মজিদ খান বলেছেন, কাশ্মীর সীমান্তে সেনা মোতায়েন করতে পারে পাকিস্তান।