পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার রাতের এ ঘটনায় বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব না হলেও তীব্রতা কমে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বাবুল মিয়া বলেন, রাত পৌনে ১১টার দিকে পোস্তা পুলিশ ফাঁড়ির অদূরে ঐ কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ছয়টি ইউনিট সেখানে পাঠানো হয়। তবে পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় একে একে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। কারখানাটি টিনশেড ও ভেতরে দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কী কারণে আগুনের সূত্রপাত তা তাত্ক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন, ঈদের ছুটিতে কারখানাটি বন্ধ ছিল। কর্মীদের কেউই সেখানে ছিলেন না। ফলে হতাহতের শঙ্কা নেই বললেই চলে। তাছাড়া আগুন লাগার পর আশপাশ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘লালবাগ পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি পলিথিন ও প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় আগুন লাগে। পাশে চামড়ার গোডাউনও আছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনটির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা, ঈদের বন্ধের কারণে হয়তো ভেতরে কেউ নেই।