পরিবার নিরাপদে গেলেও যেতে পারেননি বৃদ্ধ, বন্যার পানিতে ডুবে মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে নিজ বসতঘর থেকে তার ভাসমান
মরদেহ উদ্ধার করেন নিহতের স্বজনেরা।

নিহত আশরফ মিয়া আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি এই গ্রামের তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ারবাবা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদীভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে গ্রামের অনেকের মতো আশরফ মিয়ার পরিবারের সদস্যরাও দ্রুত বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তবে বয়সের কারণে তিনি ঘরের ভেতরেই থেকে যান। এরপর ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকলে তিনি ঘর থেকে বের হতে পারেননি এবং পানিবন্দী হয়ে পড়েন।

সর্বশেষ শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে তার ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করেন।

রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।