ঢামেক ও আশপাশ থেকে ৩ লাশ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশ থেকে এক ব্যক্তির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একুশে হলের পাশের এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানতে কাজ করছে পুলিশ। 

রোববার (১২ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওএসইসি) পেছন থেকে এবং ঢাবির অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা তিনজনই ‘ভবঘুরে’। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের পেছনে এক অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।

অন্যদিকে, রোববার বেলা ১১টার দিকে খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, লাশ তিনটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।