যেমন কোচ খুঁজছে বিসিবি

বাজারে এখন বেশ কয়েক জন নামকরা কোচ আছেন, যারা বিভিন্ন দলের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সময়ে নামি কোচ খুঁজে পাওয়াটা খুব বড়ো সংকট হওয়ার কথা নয়। কিন্তু নামি বা খ্যাতিমান কোচ খুঁজছে না বিসিবি। গতকাল বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, তারা খুঁজছেন এক জন করিত্কর্মা এবং দীর্ঘমেয়াদের চ্যালেঞ্জ নিতে রাজি থাকা পরিশ্রমী কোচ।

বাংলাদেশের সামনে আর সব দলগুলোর মতোই বেশ বড়ো কয়েকটা ক্রিকেটীয় চ্যালেঞ্জ আছে। অল্প দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলা। এর পাশাপাশি চার বছর ধরে চলবে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বেশকিছু সিরিজের খেলা। এ দুটি দীর্ঘমেয়াদি ইভেন্ট মাথায় রেখেই কাজ করতে হবে নতুন কোচকে—এমনটাই বলছিলেন জালাল ইউনুস। তবে তারও আগে তারা চান, নিবেদিতপ্রাণ এক জন কোচকে।

নতুন কোচের কেমন হওয়া উচিত, সেটা বলতে গিয়ে সাবেক ক্রিকেটার জালাল ইউনুস বলছিলেন, ‘আমরা খোঁজ করছি প্রোঅ্যাক্টিভ এক জন কোচকে। এই যে বিভিন্ন ধরনের শর্ত থাকে যে, ১০০ দিন কাজ করব বা ৩০০ দিন কাজ করব; এরকম শর্ত যারা দেবে, আমরা সেরকম কোচ চাই না। কোচকে কাজ করতে হবে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। সে জন্য যতোদিন দরকার, তাকে মাঠে নেমে পরিশ্রম করতে হবে। বাংলাদেশের কাজটা তাকে চাকরি হিসেবে দেখলে চলবে না। এটাকে নিজের দল মনে করে চ্যালেঞ্জ নিতে হবে।’

পাশাপাশি নতুন কোচের কাছ থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাস্তবিক কিছু পদক্ষেপ দেখতে চায় বিসিবি। জালাল ইউনুস বলছিলেন, ‘সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে। সামনের বিশ্বকাপটা একটা আলটিমেট লক্ষ্য আমাদের। সেটার জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। এই দুটো বিষয় নিয়ে যার ভালো পরিকল্পনা থাকবে এবং বাংলাদেশের ক্রিকেট বুঝে যিনি ভালো পদক্ষেপ নিতে পারবেন, তাকে আমরা পছন্দ করব। এই সময়ে বাংলাদেশকে কঠিন কিছু এসাইনমেন্ট পার করতে হবে। ফলে দীর্ঘমেয়াদি বেশকিছু পরিকল্পনা কোচকে করতে হবে। আমরা চাইছি এমন এক জনকে, যিনি এসব পরিকল্পনা করতে পারবেন।’

জাতীয় দলের কোচের মূল কাজ জাতীয় দল নিয়ে কাজ করা। কিন্তু বাংলাদেশের কোচকে এর চেয়ে বেশি কিছু দায় নিতে হয়। জালাল ইউনুস বলছিলেন, পাইপলাইন নিয়েও ভাবতে হবে নতুন কোচকে, ‘আমাদের বিশ্বকাপ পর্যন্ত ভাবতে গেলে অনেক খেলোয়াড় হয়ত সে পর্যন্ত কন্টিনিউ করতে পারবে না। সে ক্ষেত্রে তাদের যোগ্য বিকল্প পাওয়াটা একটা ব্যাপার। যদিও জাতীয় দলের কোচ এটা করবে না। কিন্তু আমরা আশা করব, নতুন কোচ যেন নির্বাচকদের সঙ্গে আমাদের পাইপলাইন নিয়েও কিছুটা মাথা ঘামান।’

এত চাওয়ার কোচ খুঁজে পাওয়াটা কঠিন হওয়ার কথা নয়। কিন্তু সমস্যা হলো, আজকের দিনে এরকম কোচ পাওয়া মানে অর্থের লড়াই। জালাল ইউনুস বলছেন, সব পছন্দ মিলে গেলে অর্থ সমস্যা হওয়ার কথা না, ‘অর্থ খুব একটা সমস্যা হবে না। এটা ঠিক যে, আমরা ভারতীয় বোর্ডের মতো ধনী নই। তারপরও আমাদের সঙ্গে পছন্দগুলো মিলে গেলে আমরা অর্থের জন্য পিছিয়ে আসব না। তবে অর্থ দিয়ে নাম কিনতে চাই না আমরা। অনেক টাকা ব্যয় করলাম, কিন্তু কাজ হলো না; তেমন হলে তো হবে না। ফলে অর্থ নয়, কাজ হওয়াটাই মূল ব্যাপার।’