পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতের দাবি, সরকারকে আইনি নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, প্রতিবছর চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন বৈধ প্রয়োজনে বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, যা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, এসব হুমকির কারণে বাংলাদেশি নাগরিকরা হেনস্তা, নির্যাতন বা সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন। অতীতে ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

সংবিধানের ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়, নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই নিরাপত্তা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সংযুক্ত সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক কূটনৈতিক নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত ওই দুই রাজ্যগামী যাত্রীদের বিমানবন্দরভিত্তিক ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।