উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মায়ের হাতে শিশু খুন

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে মা মনোয়ার বেগম (২৫) তার দুই বছরের শিশু জুবাইরকে গলা টিপে হত্যা করেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানা পুলিশ রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মনোয়ারা বেগমকে (২৫) আটক করেছে।

এ ব্যাপারে শিশুর বাবা সোনা মিয়া বাদী হয়ে উখিয়ায় থানায় একটি হত্যা মামলা রুজু করেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ও হত্যাকারী মাকে আটক করা হয়েছে।

পাঁচ দিন ধরে মন্নান নিখোঁজ

রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের আলী মিয়ার ছেলে আব্দুল মন্নান (১৯) প্রকাশ মুন্নাইয়া ৫ দিন ধরে নিখোঁজ। আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা আলী মিয়া বৃহস্পতিবার উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন। উখিয়া থানা ওসি মোঃ আবুল খায়ের জানান, পুলিশ নিখোঁজ মন্নানকে উদ্ধারের জন্য জোর তত্পরতা চালাচ্ছে।

সাজাপ্রাপ্ত আসামি আটক

উখিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জাগির হোসেনের ছেলে এলাকার চিহ্নিত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে আটক করেছে। থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।