দিনাজপুরে নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাসা থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩৩) ও মেয়ে পল্লবী রানী (১৫)।

পরিবারের বরাতে পুলিশ জানায়, দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে নিজ বাসার শোবার ঘরে মা ও মেয়েকে ডাকতে যান পরিবারের লোকজন। এসময় তারা সাড়া না দিলে দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সরতহাল প্রতিবেদন তৈরি করে। 

পার্বতীপুর থানার ওসি আবদুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কলহ কিংবা মানসিক বিষণ্নতার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।