টানা দুই জয়ে চট্টগ্রাম আবাহনী স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেছে। মামোদু বা খেলার ৩৬ মিনিটে গোল করে তার দল চট্টগ্রাম আবাহনীকে শেষ আটে তুলে দেন।
কৌশিক বড়ুয়ার কর্নার থেকে গোল করে দলের জন্য মহামূল্যবান জয় এনে দেন তিনি। নোফেল ক্লাবের বিপক্ষে আগের খেলায় চট্টগ্রাম আবাহনীকে জয় পাইয়ে দেওয়ার বড় কাজটিও তিনিই করে দিয়েছিলেন। দুই দুইটি গোল করেছিলেন মামোদু বা।
গাম্বিয়ান এই ফরোয়ার্ডের গোল নিয়ে প্রশংসাও হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে। বাইসাইকেলকিক দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। গতকাল দিনের প্রথম খেলায় তিনি দারুণ খেলেছেন রহমতগঞ্জের বিপক্ষে।
চট্টগ্রাম আবাহনী স্বাধীনতা কাপ ফুটবলের রানার্স-আপ দল। স্বপ্ন দেখছে আবার ফাইনাল খেলবে। ‘বি’ গ্রুপে দুই খেলায় জিতে ৬ পয়েন্ট পেয়ে তারা নিজেদের সামর্থ্যেরও জানান দিচ্ছে। এখন গ্রুপের শেষ খেলায় তারা মোহামেডানের মুখোমুখি হবে।
গতকাল এই গ্রুপের খেলায় নোফেলের কাছে হেরে যাওয়া মোহামেডান আশায় আছে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে জিতে শেষ আটে যাওয়ার। শুধু জিতলেই হবে না, গ্রুপ প্রতিদ্বন্দ্বী রহমতগঞ্জ ও নোফেল নিজেদের মুখোমুখিতায় কি করে সেটাও দেখতে হবে।
চট্টগ্রাম আবাহনীর কাছে হারের পরও রহমতগঞ্জ স্বপ্ন দেখছে। রহমতগঞ্জ গ্রুপের প্রথম খেলায় মোহামেডানের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল। ১ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ হিসাব করছে দ্বিতীয় দল হিসাবে যাওয়ার। খেলায় চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৬, নোফেল ক্লাবের ৩, রহমতগঞ্জ ও মোহামেডানের ১ পয়েন্ট করে।
আজকের খেলা ঃ
সাইফ স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ, ৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।