বন্যা মোকাবিলায় এরশাদ সরকারের আমলকে অনুসরণের আহ্বান রুহুল আমিনের

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি জাতীয় পার্টির সরকারের (এরশাদ সরকারের আমল) অনুসৃত ব্যবস্থাপনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর গুলশানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে বন্যা প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তার দাবি, জাতীয় পার্টির সরকারের মতো দুর্যোগ ব্যবস্থাপনা গত ৩৫ বছরে আর কোনো সরকার গ্রহণ করতে পারেনি। তাই বর্তমান সরকারের উচিত জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করে বন্যা পরিস্থিতি মোকাবিলা করা।

অনুষ্ঠানে তিনি সাবেক অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন। রুহুল আমিনের অভিযোগ, ড. ইউনূসের উপদেষ্টা পরিষদ ছিল ‘এনজিওবেষ্টিত’। তিনি দাবি করেন, সে সময় টিকার যথাযথ ব্যবস্থা না থাকায় প্রায় ৭০০ শিশুর হামে মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত ও বিচার করার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইউনূস সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ তদন্তেরও দাবি জানান।

এ সময় রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল।