জাপানে শক্তিশালী ঝড় ‘ক্রোসার’ আঘাত

জাপানে বৃহস্পতিবার শক্তিশালী ঝড় ‘ক্রোসা’ আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এতে একজন নিহত ও ২৩ জন আহত হয়েছে। এ কারণে ব্যাপক ভূমিধস ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ঝড়ের কারণে পশ্চিমাঞ্চলে সাত শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ক্রোসা ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূল ধরে মন্থরগতিতে এগিয়ে যাচ্ছে। ঝড় যে অঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে সেখানকার লোকজনকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে অভ্যন্তরীণ সাত শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেইসঙ্গে লোকজনকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। উপকূলীয় এলাকায় ফেরি সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে সার্ভিস জানায়, তারা শিনকানসেনের বেশিরভাগই বুলেট ট্রেন সার্ভিস বন্ধ রেখেছে। বার্তা সংস্থা এনএইচকে জানায়, প্রবল ঝড়ের সময় ওইটার নদীর তীর থেকে আট জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ক্রোসার কারণে কোচির ইয়ানসি এলাকা প্লাবিত হয়ে গেছে।