হংকংয়ের সীমান্তজুড়ে গত বৃহস্পতিবার মহড়া শুরু করেছে চীনের আধা সামরিক বাহিনী। আশঙ্কা করা হচ্ছে এশিয়ার এই ব্যবসাকেন্দ্রটিতে ব্যাপক বিক্ষোভ দমনের প্রস্তুতি নিচ্ছে চীন। হংকং সীমান্তে আধা সামরিক বাহিনীর সমাবেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার হংকংয়ের বিমানবন্দরে সংঘর্ষের পর সেখানে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ। শেংঝেন স্টেডিয়ামের পার্কিংয়ে চীনের পিপলস আর্মড পুলিশের শতাধিক গাড়ি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছে তাদের দিয়ে হংকং সীমান্তে বিক্ষোভ দমন করা হতে পারে।
হংকংয়ের বিক্ষোভকে সন্ত্রাসবাদের কাছাকাছি বলেছে চীন। মঙ্গলবার বিমানবন্দরে সরকারের সমর্থক সন্দেহে দুইজন নাগরিকের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। বুধবার হংকংয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। জুনের পর এ পর্যন্ত ৭৪৮ জনকে গ্রেফতার করা হলো হংকংয়ে। পুলিশ জানিয়েছে ৭৬ বার হংকংয়ে থানা ঘেরাও ও হামলার ঘটনা ঘটেছে।
আন্দোলন সামাল দেওয়ার ব্যাপারে দিন দিন কঠোর হচ্ছে পুলিশ। আন্দোলনকারীদের বড়ো ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে চীন। হংকংয়ে বিক্ষোভ সামাল দিতে চীনকে মানবিক হতে চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। একারণে চীনের সাথে একটি বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প হংকং নিয়ে অলোচনার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প টুইটারে লিখেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শি জিনিপিং চাইলে দ্রুত এবং মানবিকভাবে হংকং সমস্যার সমাধান করতে পারেন।
হংকং সীমান্তে আধা সামরিক বাহিনীর সমাবেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি চীনকে জনগণের মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। নাগরিকদের হংকং ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। চীন বলছে হংকং সংকট তাদের অভ্যন্তরীণ ব্যাপারে।
ফ্রান্স আন্দোলনকারীদের সাথে পুনরায় আলোচনা শুরু করতে বলেছে চীনকে। কানাডা বলেছে চীনের উচিত্ কৌশলীভাবে পরিস্থিতি সামাল দেওয়া। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান অচলাবস্থার মধ্যে পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। জাতিসংঘ হংকং কর্তৃপক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার হংকংকে ‘রসাতলে’ নিয়ে যাবেন না বলে সরকারবিরোধী বিক্ষোভকারীদেরকে নতুন করে সতর্ক করে দেন চীনপন্থি নেতা ক্যারি লাম। তবে মঙ্গলবার সন্ধ্যায় আহত একজনকে চিকিত্সাকর্মীরা বিমানবন্দরের প্রধান টার্মিনালের বাইরে নিয়ে যাওয়ার পর পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের কয়েকটি গাড়ি বিক্ষোভকারীরা আটকে দেয়।