বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপার লড়াই থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে এই হতাশাজনক পরাজয়ের পরও জাতীয় দলের প্রতি আস্থা হারাননি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তরুণ এই দলকে ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন তিনি।
ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ফাইনালে ওঠা স্পেনকে অভিনন্দন জানান ম্যাক্রোঁ। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পেদের লড়াকু মানসিকতারও প্রশংসা করেন তিনি।
ম্যাক্রোঁ লেখেন, ‘যোগ্য দল হিসেবে ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন। দেশের জার্সির মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করার জন্য ‘লে ব্লুজ’দের ধন্যবাদ। আজকের পরাজয় মেনে নেওয়া কঠিন। তবে এই দলটি এখনো তরুণ, আর তাদের সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
Bravo à l’Espagne pour cette qualification. Merci aux Bleus d’avoir porté nos couleurs avec engagement. La défaite de ce soir est difficile, mais cette équipe est jeune et pleine d’avenir.
— Emmanuel Macron (@EmmanuelMacron) July 14, 2026
ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্পেন। গোটা টুর্নামেন্টে ফিনিশিংয়ে যে দুর্বলতা ছিল, সেমিফাইনালে সেটি কাটিয়ে ওঠে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। শক্ত রক্ষণ ও ধারালো আক্রমণের সমন্বয়ে পুরো ম্যাচজুড়ে ফ্রান্সকে চাপে রাখে স্প্যানিশরা।
প্রথমার্ধে লামিন ইয়ামালকে ডি-বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল। এরপর দানি ওলমোর নিখুঁত থ্রু-পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফুলব্যাক পেদ্রো পোরো। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
এই জয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্প্যানিশরা।