বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে আকস্মিক বৈরী আবহাওয়া ও দমকা হাওয়ার কবলে পড়ে বনায়ন কাজে যাওয়া নাম বিহীন একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীর হোসেন নবাব (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার বলেশ্বর নদীর মাছেরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস, স্থানীয় বনবিভাগের কর্মী নিখোঁজের আত্মীয়-স্বজনসহ কয়েকটি দলে বিভক্ত হয়ে উদ্ধার অভিযান চালালেও এ খবর লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জাহাঙ্গীর হোসেন নবাব পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা মৃত ছাহেদ হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। পাশাপাশি বন বিভাগের বনায়ন কার্যক্রমে দিনমজুর হিসেবে নিয়মিত কাজ করতেন।
ট্রলারের মাঝি ইব্রাহীম জানান, বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পদ্মা বাজার এলাকার একটি খাল থেকে মাঝেরচর এলাকায় বনায়নের জন্য কেওড়া ও অন্যান্য উপকূলীয় গাছের চারা রোপণ করতে ট্রলার যোগে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ায় নদীতে তুমুল ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি আরও জানান, ট্রলার ডুবে যাওয়ার পর সবাই নদীতে পড়ে যান এবং সেখানে থাকা গোপ জালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। এসময় জাহাঙ্গীরকে একবার দেখা গেলেও পরবর্তীতে ঢেউয়ের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাশ দিয়ে অন্য একটি ট্রলার এসে সবাইকে উদ্ধার করা গেলেও জাহাঙ্গীর কে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় জেলেসহ স্বেচ্ছাসেবীরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানিয়েছেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোষ্টগার্ডকে জানানো হয়েছে। এরপর তিনি নিজেই বন বিভাগের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে খোঁজার কার্যক্রম শুরু করেন।
তিনি আরও বলেন জাহাঙ্গীর সদর ইউনিয়নের চরলাঠিমারা বন বিভাগের কর্মীদের সঙ্গে নিয়মিত কাজ করতেন এবং তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ। প্রাথমিকভাবে জানা গেছে তিনি সাঁতারে খুব একটা পারদর্শী ছিলেন না।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।