জিম্বাবুয়ের বিপক্ষে বড় হারের ব্যাখ্যা দিলেন হৃদয়

প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল টাইগাররা। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছে তারা। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

হৃদয় বলেন, 'আমরা সকালের এডভান্টেজ নিতে চেয়েছিলাম, তাই আগে ফিল্ডিং নিয়েছি। বোলাররা ভালোই করেছিল। তবে কিছু জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। হারারের তুলনায় এখানে কন্ডিশন ভালো। উইকেট ব্যাটিং বান্ধব। আমরা ভালো শেইপেও ছিলাম। চাচ্ছিলাম উইকেটের এডভান্টেজ নিই।'

ব্যাটিং বান্ধব উইকেটে এমন বাজে ব্যাটিং মেনে নেওয়া কঠিন জানিয়ে তিনি বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। ১৭০-১৮০ রান তাড়া করতে হলে আপনার পার্টনারশিপ লাগবে দুই-একটা। এখানেই আমরা ব্যর্থ হয়েছি। পরেরবার সুযোগ এলে পার্টনারশিপ গড়ার দিকে মনোযোগ দিব।'

বল হাতে এদিন নাহিদ রানা ৪ উইকেট তুলেছেন। শেষ পর্যন্ত জিততে না পারলেও রানার প্রশংসা করে অধিনায়ক বলেন, 'নাহিদ রানা দারুণ করেছে। আমরা সবাই জানি ও কেমন বোলার। তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। গত কয়েক সিরিজ ধরে দুর্দান্ত খেলছে। আশা করি এটা ধরে রাখবে।'