অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতাকে বহিষ্কার

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক নেতা আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল। 

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ আয়াত উল্লাহ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করে আদালতে প্রেরণ করে।