কাঁঠালবাড়ী নৌপথে উপচে পড়া ভিড়

মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ী ঘাটে ঈদ শেষে কর্মস্থল ঢাকাগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ যাত্রী ফেরিতে পার হচ্ছে।  বৃহস্পতিবার সকালে দেখা যায়, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিন্তু দক্ষিণাঞ্চলের ২১ জেলার কর্মস্থল ঢাকামুখি মানুষের থেমে নেই পথ চলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঢাকাগামী মানুষের ভিড় বাড়তে থাকে। একদিকে বৃষ্টি, অন্য দিকে পদ্মা স্রোত তাই অধিকাংশ যাত্রীই নিরাপদ ভেবে ফেরিতে পার হচ্ছে। তবে লঞ্চ ও স্পিডবোটগুলোতে অতিরিক্ত যাত্রী বহন করে পারাপার হচ্ছে।  কাঁঠালবাড়ী ঘাটের বিআইডব্লিউটিসির ইন্সপেক্টর আক্তারুজ্জান বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা যাত্রীর চাপ বেশি রয়েছে। অধিকাংশ যাত্রীই ফেরিতে পার হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ঘাট এলাকায় আছে।  অতিরিক্ত যাত্রী নেওয়ার কোন সুযোগ নেই।