জয়পুরহাটের জেলা আধুনিক হাসপাতাল

জলাতঙ্কের ভ্যাকসিন নেই আট দিন ধরে

জয়পুরহাটের জেলা আধুনিক হাসপাতালে গত আট দিন ধরে জলাতঙ্ক রোগের প্রতিষেধক র্যাবিক্স ভ্যাকসিন নাই। জেলা আধুনিক হাসপাতাল বুধবার ঘুরে জানা যায়, গত ৭ আগস্ট জেলা আধুনিক হাসপাতালে জলাতঙ্ক রোগের র্যাবিক্স ভ্যাকসিন শেষ হয়েছে। কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তরা বাজার থেকে ৪৬৫ টাকা দিয়ে ভ্যাকসিন কিনে দিলে দায়িত্বরত নার্সরা শুধু পুশ করছেন।

জেলা আধুনিক হাসপাতালের জলাতঙ্ক নিরাময় কেন্দ্রের দায়িত্ব পালনকারী সিনিয়র নার্স মাছুমা বেগম বলেন, গত ৭ আগস্ট ভ্যাকসিন শেষ হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল হোসেন বলেন, ‘ভ্যাকসিন না থাকার বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখতে হবে।’ চাহিদাপত্র দেওয়া হয়েছে কি না, জিজ্ঞাসা করা হলে উত্তরে বলেন, ভ্যাকসিনের চাহিদাপত্র দেওয়া হয় না। শেষ হওয়ার পর ঢাকায় লোক পাঠিয়ে আনতে হয়।

সিভিল সার্জন ডা. সামস উদ্দিন বলেন, চাহিদাপত্র দেওয়ার পরেও ভ্যাকসিন আসতে দেরি হয়, এজন্য হাতে হাতে সাধারণত আনা হয়ে থাকে। জেলা আধুনিক হাসপাতালে ভ্যাকসিন থাকার কথা, কেন নাই তা ক্ষতিয়ে দেখা হবে।