দেশের চিনিশিল্প লাভজনক ও রপ্তানিমুখী হবে

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অজিত কুমার পাল বলেছেন, বাংলাদেশে আর কোনো শিল্প বিরাষ্ট্রীয়করণ করা হবে না। দেশের চিনিশিল্পকে লাভজনক ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলা হবে। করপোরেশন চেয়ারম্যান নাটোর চিনিকলে আখ চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জিয়াউল ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসির পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. মোশাররফ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) রুস্তম আলী, আখ চাষি ও নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আখ চাষি ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও জালালউদ্দিন প্রামানিক, আখ চাষি ও জেলা পরিষদ সদস্য প্রভাষক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় আখ চাষি ফেডারেশনের সহ-সভাপতি মোসলেমউদ্দিন প্রামানিক প্রমুখ।

মতবিনিময় সভায় বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলের উত্পাদিত ব্রাউন চিনি স্বাস্থ্যসম্মত। ব্যাপক চাহিদা থাকায় কর্পোরেশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন ১ হাজার টন চিনি বিক্রি হচ্ছে। দুঃখের বিষয়, বাজারে চাহিদা থাকা সত্ত্বেও দেশের চাহিদার মাত্র ১০ থেকে ১২ শতাংশ পূরণ করা যাচ্ছে। অথচ খুব সহজেই রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর পুরো উত্পাদন ক্ষমতা ব্যবহার করে দেশের শতভাগ বাজার দখল করা সম্ভব, সম্ভব বিদেশে রপ্তানি করা। আমরা প্রতিবছর দেশে উত্পাদিত ৩৪ লাখ টন আখের মধ্যে মাত্র ১৭ লাখ টন আখ চিনিকলে পাই। কৃষকদের উদ্বুদ্ধ করে সব উত্পাদিত আখ চিনিকলে আনতে হবে।