রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ১৫ আগস্ট একটি জাতীয় কালো অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে চেতনা, স্বাধীনতার যে লক্ষ্য, সেটিকে মূলত আঘাত করা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ইতিমধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, অল্প দিনের মধ্যে উন্নয়শীল দেশে উপনীত হবে।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ, সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়ামিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা কর্মসূচি পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সবাই শোক র্যালিতে অংশ নেন।