আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের
উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচি পালনের মধ্যদিয়ে ১৫ আগষ্ট ৪৪তম জাতীয় শোক দিবস গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সূচনা করেন। পরে ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, জাতির পিতা ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, আলোচনা সভা, বিশেষ দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। চেম্বার অব কমার্সের পরিচালক, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা জাতির পিতার নাতী সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য জাতির পিতার ছোট নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নেতৃত্বে শোক দিবসের র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মীরা।
রাউজানে নিঃস্ব পরিবারে টিন ও নগদ অর্থ বিতরণ
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা জাতির পিতার শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাউজানে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৭৫ পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ, পথশিশুদের মাঝে উন্নত খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭৫ অগ্নিদগ্ধ পরিবারে দুই বান টিন ও নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা।
ত্রিশালে ৩৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক, মাধ্যমিক-মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ৩৯জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির, সহকারী কমিশনার (ভূমি)এরশাদউদ্দিন, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা তোফায়েল আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাপাসিয়ায় কৃষকলীগের শোক দিবস পালন
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলা কৃষকলীগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে। দুপুরে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজে উপজেলা কৃষকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ সভাপতি মোঃ মোতাহার হোসেন মোল্লা। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদ। উপজেলা কৃষকলীগের সহ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বাবলু, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য জানে আলম কনক, মোঃ জসীম উদ্দিন প্রমুখ।