চট্টগ্রাম ও বরিশালে জাতীয় শোক দিবস পালিত

ব্যাপক কর্মসূচি ও বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশালে স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

চট্টগ্রাম অফিস জানায়, দিবসটি উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল— শোকর্যালি, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, শোক সমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিল এবং ১৫ আগস্টের ভয়াল স্মৃতি বিজড়িত রাতে নিহতদের জীবনের স্মৃতি সম্বলিত আলোকচিত্রের প্রদর্শনী।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন শেষে কালোব্যাজ ধারণ এবং জাতির জনকের প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে আলোচনা সভায় সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর বিশালত্ব দিনদিন বাড়ছে। ৭৫ এর ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যার মাধ্যমে যারা জাতির জনকের নাম মুছে দিতে চেয়েছিল তারাই এখন ইতিহাসের ঘৃণিত আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তবে তাদের প্রেতাত্মারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছদ্মবেশ ধারণ করে লুকিয়ে আছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজংী জহুর আহমেদ, শহীদুল আলম, জহর লাল হাজারী প্রমুখ।

জাতীয় শোক দিবসে গতকাল সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও এবি এম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন  করা হয়। জাতীয় শোকদিবস উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে এগারটায় প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা।

বরিশাল অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায় অশ্বিনী কুমার হল চত্বর এবং নগরীর সোহেল চত্বর, আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্টে শহিদদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া সরকারি-বেসরকারি বি?ভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত আর কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে নিহত সুকান্ত আবদুল্লাহর মাতা ও ওই রাতে বুলেটের আঘাতে আহত বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহান আরা আবদুল্লাহ, সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।