জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘২০২৪-এর জুলাই মাসে আবু সাঈদের বুকে গুলি করা হয়েছিল। বাংলাদেশ একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে, আশা-ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, দুই বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি।’
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারা আমাদের বলেছিল বাংলাদেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, ১৪০০ হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদীর স্বপ্নপুরুষ ওসমান হাদি হত্যার বিচার হবে, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের আশায় বসে থাকলাম, আমাদের বিএনপির ভাইয়েরা থানায় গিয়ে ওসি সাহেবকে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করতে ধরনা দেয়।’
নাসীরুদ্দীন আরও বলেন, ‘আমরা বলেছি, আমরা জনগণের কাছে যাব। আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না, ভারতের সঙ্গে সমঝোতা করব না, বাংলাদেশকে তৈরি করতে চাই, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আলেম এবং হিন্দু ভাইদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে চাই। বাংলাদেশ পুলিশ সংস্কার করতে চাই, মিলিটারি সংস্কার করতে চাই, অর্থনৈতিক সংস্কার করতে চাই। উত্তরাঞ্চলবাসীর জীবনের ভাগ্যের উন্নয়ন করতে চাই।’
পথসভাটিতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক (হেড অব হেলথ উইং) ডা. আব্দুল আহাদ, দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন প্রমুখ।