বাংলাদেশী বংশভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয় দেব এখন ঢাকায়। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতানোর পর এবার ঢাকার মঞ্চ মাতাবেন তিনি।
রোববার (১৯ জুলাই) দর্শকদের ফাইনালের উন্মাদনা বাড়িয়ে দিতে আলাদা দুটি কনসার্টে লাইভ পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডায় বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন সঞ্জয় দেব। উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও গান পরিবেশন করেন তিনি।
সেই আন্তর্জাতিক বিশ্বকাপ–যাত্রার অংশ হিসেবেই এবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন এই ড্যাশিং শিল্পী। সঞ্জয় ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন; অনুষ্ঠানস্থলও পরিদর্শন করেছেন।
ঢাকার এই আয়োজনে সঞ্জয়ের পাশাপাশি মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ।
জানা গেছে, ঢাকার অনুষ্ঠান শেষেই তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।