প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বেদীর পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী পবিত্র সূরা ফাতেহা পাঠ, পিতা বঙ্গবন্ধু, মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শোক দিবসের শ্রদ্ধা জানান। পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বেলা ১১টায় সমাধিসৌধ কমপ্লেক্সে মন্ত্রিপরিষদ বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা শরিক হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ মাহফিলের মোনাজাতে অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।