অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল, তাই বিশ্বনেতাদের চোখও আজ বাংলাদেশের দিকে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ আর স্বপ্নকে বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তরুণ ও যুব সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে দেশের জন্য কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুপুরে নগরীর কান্দিরপাড়ের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু একটি দেশ, বঙ্গবন্ধু একটি স্বপ্ন, বঙ্গবন্ধু আমাদের জীবনসত্তা। বঙ্গবন্ধুর কখনো মৃত্যু হতে পারে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, এখন আরো একটি যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ করবে তোমরা তরুণরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের উন্নত ও সমৃদ্ধ একটি দেশ।
সভায় প্রধান বক্তা সাবেক রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশের মানচিত্র ও পতাকা। এরপর জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশে রূপ নিয়েছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।