অর্থমূল্যে নোবেলকে ছাড়িয়ে ‘ব্রেক থ্রু’

খ্যাতির বিচারে নোবেল প্রাইজ এখনো সবার সেরা। নোবেল পুরস্কারের অর্থমূল্য এখন ১২ লাখ ডলার। তবে পুরস্কারের অর্থমূল্যে নোবেল প্রাইজকে ছাড়িয়ে গেছে ‘স্পেশাল ব্রেকথ্রু প্রাইজ’। অর্থমূল্যে ব্রেকথ্রু বা স্পেশাল ব্রেকথ্রু প্রাইজ এখন সবচেয়ে ‘দামি’। এই পুরস্কারের অর্থমূল্য ৩০ লাখ ডলার! প্রথম বছর ২০১২ সালে ৯ জন পদার্থবিজ্ঞানীর প্রত্যেকে পেয়েছিলেন ৩০ লাখ ডলার করে। কিন্তু এখন এই পুরস্কার যে কয়জন পায় তাদের সবার মধ্যে ভাগ হয় পুরস্কারের অর্থ। অন্যদিকে নোবেল প্রাইজও এখনো একজন পান না। পান দুই বা তিন জন। সেক্ষেত্রে প্রত্যেকে ৪ লাখ ডলার কিংবা ৬ লাখ ডলার পান।

স্পেশাল ব্রেকথ্রু প্রাইজ প্রথম প্রবর্তিত হয় ২০১২ সালে। রুশ ধনকুবের ইউরি মিলনার প্রথম শুরু করেছিলেন ব্রেকথ্রু প্রাইজ। একপর্যায়ে তার সঙ্গে যোগ দেন তিন ধনী দম্পতি। গুগল কোম্পানির মালিক সারগে ব্রিন এবং তার স্ত্রী অ্যান ওজসিকি; ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান; চীনা কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং তার  স্ত্রী ক্যাথি ঝাং। এই তিন শীর্ষ ধনী দম্পতি যোগ দেওয়ার পরে পুরস্কারের ক্ষেত্রও বেড়ে যায়। পদার্থ বিজ্ঞানের পরে ব্রেকথ্রু প্রাইজ দেওয়া শুরু হয় জীববিজ্ঞান ও গণিতে। স্পেশাল ব্রেকথ্রু প্রাইজ প্রতি বছর নিয়ম করে দেওয়া হয় না। কোনো কোনো বছর দেওয়া হয়। কোনো কোনো বছর দেওয়া হয় না। অর্থমূল্যের দিক দিয়ে এগিয়ে থাকলেও স্পেশাল ব্রেকথ্রু প্রাইজ নিয়ে বিতর্কও নেহায়েত কম না। আগামী ৩ নভেম্বর নাসার বিশাল হ্যাঙ্গারে অনুষ্ঠিত হবে পরবর্তী ব্রেকথ্রু পুরস্কার প্রদান অনুষ্ঠান। ব্রেকথ্রু পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে বিতর্কের কারণ অনুষ্ঠানের আড়ম্বর। অনুষ্ঠানের প্রধান আকর্ষণে পরিণত হন হলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে পপ তারকারা। এ যেন বিজ্ঞান দুনিয়ার অস্কার নাইট! -আনন্দবাজার