মালয়েশিয়ায় জাকির নায়েকের বিরুদ্ধে ১১৫ অভিযোগ দায়ের

মালয়েশিয়ায় ‘শান্তিভঙ্গের’ দায়ে বিভিন্ন স্থানে পুলিশের কাছে ১১৫টি অভিযোগ জমা পড়েছে ভারতের বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে এসব অভিযোগের তদন্ত শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে দেশটির ফেডারেল সিআইডি পরিচালক হুজির মোহাম্মদ বলেন, জাতিগত চীনা সংখ্যালঘুদের বিতাড়নের পরামর্শ দেওয়ার ঘটনায়ও এই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে জাকির নায়েকের বসবাসের স্থায়ী অনুমতি বাতিলের বিষয়ে আলোচনার এক দিন পর তার বিরুদ্ধে দেশব্যাপী অভিযোগ দায়ের হওয়ার কথা জানাল পুলিশ। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার ও সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, বিতর্কিত মন্তব্যের জেরে শান্তিভঙ্গের আশঙ্কায় নায়েকের বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে শতগুণ বেশি অধিকার মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ভোগ করছে বলে সম্প্রতি মন্তব্য করেন জাকির নায়েক। তিনি বলেছিলেন, তারা ভারতের প্রধানমন্ত্রীকে সমর্থন করে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে নয়। বিতর্কিত এ মন্তব্যের জেরে তাকে মালয়েশিয়া ছেড়ে যাওয়ার কথা বলা হলে তিনি জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানান। গত আট আগস্ট কেলানতান প্রদেশে এক আলোচনায় তিনি বলেন, প্রথমে জাতিগত সংখ্যালঘুদের চলে যেতে হবে কারণ তারা মালয়েশিয়ার অতিথি।

উল্লেখ্য, মালয়েশিয়ায় ধর্ম ও জাতিগত ইস্যু স্পর্শকাতর বলে বিবেচনা করা হয়। ফলে নায়েকের এসব বক্তব্যে ব্যাপক চাপের মুখে পড়েছেন তিনি। মালয়েশিয়ার সিআইডি প্রধানও বলেছেন, শান্তি লঙ্ঘনের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান করায় পেনাল কোডের ৫০৪ ধারায় জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত তিন বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক। সেদেশের আগের সরকার তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন দিয়েছিল। দুর্নীতির অভিযোগে নায়েককে নিজের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। তবে মালয়েশিয়া এখনো তাতে সাড়া দেয়নি।