চট্টগ্রামে মদপানে তিন জনের মৃত্যু

চট্টগ্রামে মদ পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি মালিপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন— বিশ্বজিত্ মল্লিক, শাওন মজুমদার জুয়েল ও মিল্টন গোমেজ। এ ঘটনায় অসুস্থ উজ্জ্বল বণিক নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে বিশ্ব কলোনির মালিপাড়া এলাকায় চারজন মদ পানে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক বিশ্বজিত্ মল্লিক ও শাওন মজুমদার জুয়েলকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে স্বজনরা মেহেদিবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে মিল্টন গোমেজের মৃত্যু হয়। এছাড়া উজ্জ্বল বণিক নামে আরেকজন চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন।