বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় আতশবাজির বিস্ফোরণ, দগ্ধ ৪

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় রাজধানীতে আতশবাজির বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মিরপুরের পল্লবীর সিটিক্লাব এলাকা এই ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৩টার তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

তারা হলেন–মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। তাদের মধ্যে সাকিবকে জাতীয় বার্নে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

দগ্ধ সাকিব মিরপুরের (বিইউবিটি) কলেজের প্রথম বর্ষ ইকোনোমিক্স শিক্ষার্থী এবং মিরপুরে ১২ নম্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া তাহাসিন, সজীব, রিফাতের বাসা একই এলাকায়।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে মিরপুরের সিটিক্লাব এলাকায় আতশবাজি করছিল ওই যুবকরা। হঠাৎ বিস্ফোরণে আগুনে চারজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে গেলে তাদের মধ্যে তাহাসিন, সজীব, রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ও সাকিবকে ভর্তি দেওয়া হয়েছে।