নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত শনিবার দুপুরে তিনজন বন্ধুদের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসলে নেমেছিল দীপু সরকার। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
তার সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভৈরব উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করে তারা ফিরে যান ডুবুরি দলের সদস্যরা।
নিহত দীপু সরকার রায়পুরা উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। এরপর সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করেন।
রায়পুরা থানার ওসি জানান, গত শনিবার মেঘনা নদীতে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন। সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।