ফাইনালের আলোয় সবাই খুঁজছিল লিওনেল মেসি আর লামিনে ইয়ামালের গল্প। কেউ দেখছিল প্রজন্মের লড়াই, কেউবা তারকার দ্বৈরথ। কিন্তু রোববার রাতে নিউ ইয়র্কের সেই মহারণে আরেকটি গল্প নিঃশব্দে লেখা হচ্ছিল-দুই কোচের গল্প। এক পাশে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, অন্য পাশে স্পেনের লুইস দ্য ফুয়েন্তে। একজন শিষ্য, অন্যজন তার দীর্ঘদিনের পরিচিত পথপ্রদর্শক।
ফুটবল কখনো কখনো এমন নির্মম নাটক লেখে, যেখানে আবেগকে হার মানায় কৌশল। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ঠিক সেটাই দেখা গেছে। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী (৬৫ বছর) কোচ হিসেবে শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন ফুয়েন্তে।
স্কালোনি ও ফুয়েন্তে সম্পর্ক কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়। স্প্যানিশ ফুটবলের বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার সময় থেকেই দুই জনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শেখার সম্পর্ক গড়ে ওঠে। ফাইনালের আগে স্কালোনি নিজেই বলেছিলেন, দ্য ফুয়েন্তের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং তিনি তাকে গভীরভাবে সম্মান করেন। অন্যদিকে ফুয়েন্তেও স্কালোনিকে আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে মূল্যায়ন করেছিলেন। কিন্তু মাঠে সম্পর্কের জায়গা নেয় পরিকল্পনা।
স্কালোনির আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে বারবার ফিরে এসেছে প্রতিকূলতা থেকে। মেসির অভিজ্ঞতা, মাঝমাঠের দৃঢ়তা আর দলগত মানসিকতা ছিল তাদের বড় শক্তি। কিন্তু ফাইনালে সেই পরিচিত আর্জেন্টিনাকে খুঁজেই পাওয়া যায়নি। স্পেনের পজিশনাল ফুটবল, বল দখলে আধিপত্য এবং অব্যাহত চাপ আর্জেন্টিনাকে প্রায় পুরো ম্যাচ জুড়েই নিজেদের অর্ধে আটকে রাখে। এটাই ছিল ফুয়েন্তের আসল জয়। তিনি জানতেন, মেসিকে থামাতে একজন ডিফেন্ডার যথেষ্ট নয়; দরকার পুরো দলের সমন্বিত প্রেসিং। তিনি জানতেন, স্কালোনির দল আবেগে বাঁচে, তাই তাদের ছন্দ ভেঙে দিতে হবে ধৈর্য আর বলের নিয়ন্ত্রণ দিয়ে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ম্যাচের পর দ্য ফুয়েন্তে বলেছেন, এই শিরোপা এসেছে বিশ্বাস, ধৈর্য এবং দলগত পরিশ্রমের মাধ্যমে। তিনি নিজের খেলোয়াড়দের মানসিক শক্তির প্রশংসা করে বলেন, কঠিন সময়েও তারা নিজেদের পরিকল্পনা থেকে একচুলও সরে যায়নি।
অন্যদিকে পরাজয়ের পর স্কালোনি ছিলেন সংযত। তিনি স্বীকার করেন, স্পেনই ভালো দল ছিল। একই সঙ্গে তিনি নিজের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, 'জয়ে যেমন মহান হতে হয়, পরাজয়েও তেমন হতে হয়। এবার আমরা হেরেছি এবং সেই হার আমরা গ্রহণ করছি।' এই বক্তব্যই হয়তো স্কালোনিকে আলাদা করে। ট্রফি হারিয়েও তিনি মর্যাদা হারাননি।
বিশ্বকাপ ফাইনালটি তাই শুধু স্পেনের দ্বিতীয় শিরোপার গল্প নয়। এটি ছিল দুই দর্শনের দ্বৈরথ। একদিকে স্কালোনির আবেগ, ঐক্য আর লড়াইয়ের দর্শন; অন্যদিকে দ্য ফুয়েন্তের শৃঙ্খলা, কাঠামো ও পরিকল্পনার ফুটবল। শেষ পর্যন্ত জয় হয়েছে পরিকল্পনার ও শিল্পের। কিন্তু সম্মান রয়ে গেছে দুই জনেরই।
ফুটবল ইতিহাসে অনেক শিষ্য গুরুকে ছাড়িয়ে গেছে। আবার অনেক গুরু শেষ মুহূর্তে দেখিয়ে দিয়েছেন, অভিজ্ঞতার আলো এখনো নিভে যায়নি। নিউ ইয়র্কে লুইস দ্য ফুয়েন্তে আবারও মনে করিয়ে দিয়েছেন-মহান কোচরা শুধু দল গড়েন না, তারা সময়কেও নিজেদের পক্ষে লিখে নিতে জানেন। স্কালোনি হয়তো ট্রফি নিয়ে ফিরতে পারেননি। কিন্তু তিনি এমন একটি দল রেখে গেছেন, যারা শেষ পর্যন্ত লড়েছে। আর ফুয়েন্তে? তিনি প্রমাণ করেছেন, একজন গুরুর সবচেয়ে বড় পরিচয় তার জ্ঞানে, তার ধৈর্যে এবং সবচেয়ে বড় মঞ্চে সঠিক চালটি দেওয়ার ক্ষমতায়।