জীবিকার তাগিদে এক দশক আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন মো. মিল্লাত হোসেন (৪০)। পরিবারের স্বপ্ন পূরণে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। কিন্তু কর্মস্থলেই দুর্ঘটনায় তার জীবন থেমে গেল।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় সূত্র জানায়, মিল্লাত হোসেন লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির বাসিন্দা। প্রায় ১০ বছর আগে তিনি জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন, কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। কখনও ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাই খুব ভালো মানুষ ছিল। পরিবারের কাউকে মানাতে পারছি না। খবর পাওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আর্তনাদ করছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।