নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ আহত ৮

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে যশোরের রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে চৌগাছাগামী একটি নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (নম্বর: যশোর-ল-১৬-৪৪৫৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং চালকসহ আরোহীরাও আহত হন।

আহতরা সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জিমি খাতুন (১৩), সুরাইয়া রহমান (১২), চায়না খাতুন (১৫), শরিফা খাতুন (১২) ও সিয়াম হোসেন (১৫)। এছাড়া মোটরসাইকেল চালক উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের দিপু হোসেন (৩২), তার স্ত্রী সুরাইয়া খাতুন (২০)  এবং কন্যা সিনথিয়া (৩) আহত হন।

গুরুতর আহত শিক্ষার্থী জিমি, চয়না, শরিফা, সিয়াম এবং মোটরসাইকেল চালক দিপুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। 

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।