টেকনাফে পুলিশের গুলিতে মাদক কারবারী নিহত, তিন পুলিশ আহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল নিহত হয়েছে। এ সময় পুলিশের তিনজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, ১৬ আগস্ট (শুক্রবার) দিবাগত রাত আড়াইটায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বার্মা কলোনীতে জনৈক আনোয়ারের বাড়ি সংলগ্ন পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় মাদক কারবারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এসআই মোঃ বাবুল (৩৩), কনস্টেবল মোঃ আজিজ (২৩),রয়েল বড়ুয়া (২৩) আহত হয়। পুলিশও পাল্টা ৩৮ রাউন্ড গুলিবর্ষণ করলে হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে ১টি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড শর্টগানের তাজা বুলেট, ৭ রাউন্ড বুলেটের খোসা ও ৫হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। 

টেকনাফ উপজেলা সদর হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তি মারা যায়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর নিহত ব্যক্তি হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোছনের পুত্র চিহ্নিত করা হয়। তার নাম মোঃ বাবুল (২৬) বলে শনাক্ত করা হয়। সে মাদক কারবারী ও মাদক মামলার আসামি।

আরও পড়ুন: তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচার হবে: শেখ সেলিম

মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে টেকনাফ মডেল থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু