মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গাকে আটক করেছে (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে জুস মোহাম্মদ (৩০) ও টেকনাফ আলীখালী ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৩৭)।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে কৌশলগত অবস্থান নেয়। ভোর ৩টার দিকে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে একটি সন্দেহভাজন নৌকা শনাক্ত করে বিজিবি। ধাওয়া দিলে নৌকায় থাকা চোরাচালানকারীরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, তাৎক্ষণিক অভিযানে জুস মোহাম্মদ (৩০) ও মোহাম্মদ ইলিয়াস (৩৭) নামে দুইজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়। তবে আরও একজন অন্ধকারের সুযোগে মিয়ানমারে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় চোরাকারবারিদের নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, আটক দুই মাদক পাচারকারী ও জব্দ ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।