দ্য হান্ড্রেড খেলা হচ্ছে না মোস্তাফিজের

ফিটনেস পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হলো না। তার আগেই নিশ্চিত হয়ে গেল মোস্তাফিজুর রহমানের দ্য হান্ড্রেড-ভাগ্য।

চোট কাটিয়ে সময়মতো ফিট হয়ে উঠতে না পারায় ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ বাঁ-হাতি পেসার। বৃহস্পতিবার এক বিবৃতিতে বার্মিংহাম ফিনিক্স জানায়, মোস্তাফিজ এবারের আসরে তাদের হয়ে খেলতে পারবেন না। ক্লাবটি জানিয়েছে, শিগগিরই তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান তিনি। এদিকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার ইবাদত হোসেন। গতিতারকা নাহিদ রানা ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলামকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তাদের সর্বশেষ মেডিকেল রিপোর্টের ওপর নির্ভর করছে অস্ট্রেলিয়া সফরে থাকা-না থাকা। আগামীকাল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার পরের দিন শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।

দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট।