নুহাশ-প্রীতম-সাফা’র আড্ডা

আজ

চ্যানেল:

মাছরাঙা টিভি

সময় :রাত ৮টায়

 

নুহাশ হুমায়ূন, প্রীতম হাসান ও সাফা কবির—তিনজনের কাজের ধরন আলাদা। নুহাশ নির্মাতা, প্রীতম গানের মানুষ, সাফা অভিনয়ের। তবে ক্ষেত্র বিশেষে এই ত্রয়ী একসঙ্গেও কাজ করেন। এবার এই তিনজনকে নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ ঈদ আড্ডা ‘ইয়ুথ আইকন’। একসঙ্গে ৭০০ টাকা, খোকা, আমি আমার মতো—এ রকম বেশকিছু জনপ্রিয় কাজ করার কারণে নুহাশ-প্রীতমের রসায়নও চমত্কার। সংগীতশিল্পী, সংগীত পরিচালক প্রীতমকে অভিনেতা হিসেবে সবার সামনে তুলে ধরেছেন নুহাশ হুমায়ূনই। আর এ কারণেই তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সঞ্চালকের আসনে বসে তাদের সাথে আড্ডা দেওয়ার সুযোগটি মিস করতে চাননি। সাফা বলেন, ‘প্রয়াত হুমায়ূন আহমেদ স্যারের সন্তান হয়েও নুহাশ হুমায়ূন অল্প সময়েই নিজের আলাদা একটি জায়গা ধীরে ধীরে তৈরি করছেন। একইভাবে প্রীতম হাসানের গানে গুণী বাবা খালিদ হাসান মিলুর ছাপ পাওয়া যায় না বললেই চলে। লোকাল বাস, জাদুকর, রাজকুমার, দোয়েল পাখি কন্যারে, খোকা, ৭০০ টাকার গানসহ সাম্প্রতিককালের বেশকিছু কাজ দিয়ে নিজের স্বতন্ত্র একটি সত্তা তৈরি করেছেন প্রীতম। আর এই দু’জনের সঙ্গে আড্ডা দেওয়া মানেই সারাক্ষণ হাসি-ঠাট্টা। তবে ইয়ুথ আইকন অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি মজার এই আড্ডার মাধ্যমে তরুণ প্রজন্ম যাতে অনুপ্রেরণার উত্স খুঁজে পান।’ রুম্মান রশীদ খানের গ্রন্থনায় ইয়ুথ আইকন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। প্রচার হবে আজ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।