রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৩ জন, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, একটি বিদেশি পিস্তল, গুলি, দুটি পিকআপ, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

একইসঙ্গে এসময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৫৪ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৬ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ২টি পিকআপ, ৭ টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ১৭ হাজার ৫৫০ টাকা ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।