শরতের নীল আকাশ আর সবুজে ভরা প্রকৃতির অপার দান সিলেট। হাওর, নদীনালা, টিলা, চা-বাগান, দূরে সফেদ ঝরনা আর বন-বনানীর সৌন্দর্যে ভরা এই অঞ্চলের প্রতি আকৃষ্ট সারাদেশের ভ্রমণ পিপাসু মানুষ। এবার ঈদুল আজহার ছুটিতে সিলেটের পর্যটন স্পট গুলোতে ছিল উপচে ভিড়। কেউ হাওরের অথৈ নীল জলে, কেউ পাহাড়ি নদীতে আবার কেউবা ঝর্ণার পানিতে লুটোপুটি খাচ্ছেন।
বছর জুড়ে পর্যটকে মুখরিত থাকে সিলেটে। ঈদ-পূজাসহ বিভিন্ন ছুটিতে হোটেল-মোটেলে সিট সংকট দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ঈদের টানা ছুটিতে সিলেটের চা-বাগান, জাফলং জিরো পয়েন্টে, জিরো পয়েন্ট ঘেঁষা ভারতীয় ঝুলন্ত ব্রিজ, ফাটাছড়া মায়াবী ঝর্ণা, মাধব কুণ্ড, বিছনাকান্দি, শ্রীপুর, রাতারগুল, পান্তুমাই, হাকালুকি, বিশ্ব ঐতিহ্যের অংশ টাঙ্গুয়াসহ সিলেটের নয়নাভিরাম নান্দনিক পর্যটন স্পট সমূহে নানা বয়সের লোকে লোকারণ্য হয়ে উঠে।
দিগন্ত জোড়া পাহাড়, ছোট বড় টিলা, সবুজ গাছের সারি, পিয়াইন নদীর স্বচ্ছ স্ফটিক জল, নুড়ি পাথর, চা বাগান, গহিন বন, হিজল করচের অরণ্য ঘেরা সবুজ বেষ্টনী, সবুজ পাহাড়ে সফেদ ঝর্ণা ধারা প্রাণের তৃষ্ণা মিটিয়েছেন মেটাচ্ছেন পর্যটক।
আরও পড়ুন: মদনে ফিরতি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়
এবার পর্যটক নিরাপত্তায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, জৈন্তা থানা পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। টাঙ্গুয়ার হাওরে নৌকা ভাড়া নিয়ে সৃষ্টি জটিলতার অবসান ঘটিয়েছে উপজেলা প্রশাসন। গোয়াইনঘাটের দর্শনীয় স্থান সমূহে একাধিক মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, তথ্য কেন্দ্র, পুলিশের একাধিক টিমের তৎপরতা ছিল চোখে পড়ার মত।
ইত্তেফাক/অনি