কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জ উপজেলার বারোবাজারে নবম শ্রেণির এক কিশোরীকে বাল্যবিয়ের দেওয়ার অপরাধে বরকে ১০ হাজার টাকা এবং কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানি সাহা। বৃহস্পতিবার বিকেলে তিনি ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন। এ সময় নির্দেশ দেন মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পিতার বাড়িতেই অবস্থান করবে। এ সময় উপস্থিত ছিলেন বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানি সাহা জানান, চলতি মাসের ৪ তারিখে বারোবাজার গ্রামের ফারুক হোসেনের মেয়ে বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার আমির আলীর ছেলে মো. সবুজের বিয়ে দেওয়া হয় গোপনে। বৃহস্পতিবার বিকেলে কিশোরীকে বরের হাতে তুলে দেওয়া হবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় বর সবুজ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং কনের বাবা ফারুক হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও বলেন, কনের বাবা মুচলেকা দেন ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবেন না।