ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান জানিয়েছেন, পিঠের ব্যথার সমস্যা কাটিয়ে উঠতে পারলে তিনি নেতৃত্ব অব্যাহত রাখতে চান। ৩২ বছর বয়সি এই ক্রিকেটারের পিঠের ব্যথার সমস্যা অনেকদিনের। বিশ্বকাপ চলাকালেও তিনি এই ব্যথার কারণে পিঠে টান অনুভব করেন। মরগ্যান জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় ২০২০ সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে চান তিনি। তিনি বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে বলেন, ‘আমার এটা নিয়ে ভাবার জন্য আরো সময় দরকার। এটা বড়ো একটা সিদ্ধান্ত এবং বড়ো একটা প্রতিশ্রুতির বিষয়।’ তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কি অস্ট্রেলিয়ায় আগামী বছর নেতৃত্ব দিতে চান? জবাবে মরগ্যান বলেন, ‘পুরোপুরি। কে চাইবে না?’