চমক দেখিয়ে ভারতের টেস্ট দলে সারাংশ জৈন, ফিরেছেন জাদেজা-বুমরাহ

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়ে বড় চমক দেখিয়েছেন ৩৩ বছর বয়সী অফস্পিন অলরাউন্ডার সারাংশ জৈন। 

এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও তারকা পেসার জসপ্রিত বুমরাহ। তবে বুমরাহ এবং ব্যাটার সাই সুদর্শনের খেলা নির্ভর করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সেলেন্স থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর।

আগামী আগস্টে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট সিরিজের দলে মূলত চোট পাওয়া ওয়াশিংটন সুন্দর জায়গায় সুযোগ পেয়েছেন সারাংশ। মধ্যপ্রদেশ ও ‘ভারত এ’ দলের হয়ে দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে আসছিলেন এই অলরাউন্ডার।  ৫৪টি প্রথম-শ্রেণির ম্যাচে জৈনের সংগ্রহ ২ হাজার ২২৩ রান, ব্যাটিং গড় ৩১.৭৫। পাশাপাশি ২৭.৩০ গড়ে নিয়েছেন ১৮৮ উইকেট।

আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ আগস্ট কলম্বোর এসএসসি মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে ৭ আগস্ট থেকে কলম্বোতে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।

ভারতের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, গুরনূর ব্রার, দেবদূত পাডিকাল ও সারাংশ জৈন।