স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে হ্যাজার্ডের অভিষেকটা তাহলে একটু দীর্ঘায়িতই হচ্ছে। সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার চলতি মৌসুমে দলের উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলনে বাম উরুতে চোট পেয়ে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।
চলতি দলবদলে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসি থেকে ফরোয়ার্ডটিকে দলে ভিড়িয়েছিল রিয়াল। এরপর দলের প্রাক মৌসুম প্রীতি ম্যাচে খেলেছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল সেল্টার বিপক্ষে লা লিগা ম্যাচ দিয়েই রিয়ালের হয়ে আনুষ্ঠানিক অভিষেক ঘটবে তার। তবে বাম উরুর চোট তার অপেক্ষা কিছুটা দীর্ঘই করলো।
রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘আজ অনুশীলনের পর করা পরীক্ষায় আমাদের খেলোয়াড় এডেন হ্যাজার্ডের বাম উরুর পেশিতে চোটের চিহ্ন পাওয়া গেছে। ব্যাপারটির আরো মূল্যায়ন করা হবে।’ তবে এই চোট ঠিক কতদিনের জন্য বেলজিয়ান ফরোয়ার্ডকে মাঠের বাইরে রাখবে তা নিয়ে কিছু জানায়নি রিয়াল।
লিগ শুরুর আগমুহূর্তে হ্যাজার্ডের এই চোট জিদানের জন্য নতুন দুশ্চিন্তা বয়ে এনেছে। রিয়াল আক্রমণভাগে গ্যারেথ বেল, ভিনিসিয়াস জুনিয়র, লুকা জোভিচ, লুকাস ভাসকেজদের কারো অন্তর্ভুক্তির সম্ভাবনা সৃষ্টি করেছে এই চোট।