লর্ডস টেস্ট
স্পোর্টস রিপোর্টার
শেষ দিকে জনি বেয়ারস্টো ও ক্রিস ওকসের প্রতিরোধে মোটামুটি সন্তোষজনক একটা স্কোর পেয়েছিল ইংল্যান্ড। অলআউট হওয়ার আগে ২৫৮ রান করতে পেরেছিল তারা। জবাব দিতে নেমে লর্ডস টেস্টে নিজেদের প্রথম ইনিংসে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। বৃষ্টিতে আগাম লাঞ্চে যাওয়ার আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮০ রান তুলতে চার উইকেট হারিয়ে ফেলেছে।
১৩৮ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডের জন্য স্কোরটা আরো কমও হতে পারত। কিন্তু এখান থেকেই প্রতিরোধ গড়েন ওকস ও বেয়ারস্টো। দুই জনে ৭২ রান যোগ করেন। ওকস ৩২ রান করে কামিন্সের শিকারে পরিণত হন। আর ৫২ রান করা বেয়ারস্টোকে নিজের দ্বিতীয় শিকার হিসেবে আউট করেন নাথান লায়ন।
লায়ন সবমিলিয়ে নিয়েছেন তিন উইকেট। এই তিন উইকেট শিকারের ভেতর দিয়ে তিনি টেস্ট শিকারের দিক থেকে ডেনিস লিলিকে স্পর্শ করলেন। দুই জনেরই উইকেট ৩৫৫টি।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আগের দিনই এক উইকেটে ৩০ রান তুলেছিল গতকাল ঐ এক উইকেটেই ৬০ রান পর্যন্ত গিয়েছিল অস্ট্রেলিয়া। ওখানেই পরপর দুই উইকেট হারায় তারা। এর মধ্যে ব্যানক্রফটকে আউট করে টেস্টে নিজের প্রথম শিকার করে ফেলেন জোফরা আর্চার। এরপর ৭১ রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।