বরগুনার আমতলীতে খাল থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের বস্তাবন্দি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামের পশুর বুনিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ট্রলারে চড়ে যাওয়ার সময় যাত্রীরা পশুর বুনিয়া খালের স্লুইসগেটের সামনে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় চৌকিদার রিয়াজ হোসেনকে জানানো হলে তিনি আমতলী থানায় খবর দেন।
খবর পেয়ে আমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান, ‘খাল থেকে এক অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।