বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসনির্ভর রাজনীতির অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসনির্ভর রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচার হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রমাণিত হবে, অন্যথায় তা হবে না।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানা বরাবর অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে বিএনপি সন্ত্রাসনির্ভর একটা রাজনীতির দিকে যাচ্ছে। যদি সন্ত্রাসীদের বিচার হয়, তাহলে বুঝবো বাংলাদেশে বিচার আছে, আইনের শাসন আছে। না হলে নেই।’

তিনি আরও বলেন, জুলাইয়ের বিচার, সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি দেশব্যাপী মানুষের সঙ্গে মতবিনিময় করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আগের দিন হবিগঞ্জে জনসাধারণের সঙ্গে আলোচনা শেষে ফেরার সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, বিএনপি নেতা জি কে গউছের অনুসারীরা চেইন, হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সারজিস আলম গুরুতর আহত হন। পাশাপাশি আরও অনেকে আহত হন, দশম শ্রেণির এক শিক্ষার্থীর একটি চোখ নষ্ট করা হয়েছে, জেলা এনসিপির সদস্যসচিবের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়ার পর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে অবস্থান নেয়। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় এবং বালুভর্তি ট্রাক দিয়ে সড়ক অবরোধ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, তাদের পেছনে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল।

মামলার বিষয়ে তিনি জানান, হামলায় আহতদের পক্ষে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। সাক্ষী হিসেবে রয়েছেন জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক এবং জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জের আহ্বায়ক নূরে আলম চৌধুরী। ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

তিনি বলেন, মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রংগনকে প্রধান আসামি এবং বৃন্দাবন কলেজ ছাত্রদলের সেক্রেটারি আরিফুজ্জামান রিয়াদকে দ্বিতীয় আসামি করা হয়েছে। হামলার সময় ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ২০ লাখ টাকার সরঞ্জাম, গাড়িতে থাকা ৫ লাখ টাকা নগদ অর্থ লুট এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হামলার ভিডিও সারা দেশের মানুষ দেখেছে। এ ঘটনার বিচার হবে কি না, সেটিই এখন বড় পরীক্ষা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বিচার প্রতিষ্ঠার সদিচ্ছা প্রমাণের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলেও ১৪৪ ধারা জারির কারণে তা স্থগিত করে দলটি মামলা দায়ের করে। অভিযোগ দায়েরের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।